জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মোহাম্মাদ আশরাফুল আবারো বাবা হচ্ছেন। আগামী মে মাসেই তার দ্বিতীয় সন্তান পৃথিবীর আলোয় আসার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।
করোনাভাইরাসের কারণে লকডাউন বহাল থাকায় এখন খেলাধুলা বন্ধ। তাই পরিবারের সাথেই সময় কাটাচ্ছেন আশরাফুল। মে মাসের শেষ সপ্তাহেই পরিবারের নতুন অতিথির আগমন ঘটবে বলে জানিয়েছেন চিকিৎসক।
‘সবাই দোয়া করবেন। সামনের মাসের শেষ সপ্তাহে তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। মা ও সন্তান যেন সুস্থ থাকতে পারে, সেই দোয়া করবেন।’
২০১৫ সালের ১১ ডিসেম্বর প্রিয়তমা তাসলিমা আনিশা অর্চির সাথে ঘর বাঁধেন আশরাফুল। ২০১৬ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয় আরিবা তাসনিম আশরাফুল। করোনাভাইরাসের কারণে খেলা বা অনুশীলন বন্ধ মেয়ের সাথে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন আশরাফুল।
এছাড়া আর কীভাবে সময় কাটছে আশরাফুল এর দেশের ক্রিকেটের বড় এই তারকা জানান, মাহে রমজান উপলক্ষে নিজের বাড়িতেই তারাবির নামাজের ব্যবস্থা করেছেন। ভাড়াটিয়া ও পরিবারের সদস্যদের সাথে একসাথেই নামাজ পড়েন। মৌসুমি বৃষ্টির কারণে বাড়ির আঙিনায় ক্রিকেট খেলা হচ্ছে না নিয়মিত। তবে লুডু, ক্যারামের মত নানা ইনডোর গেমসে ব্যস্ত রাখছেন নিজেদের। ঝুঁকিপূর্ণ এই সময়ে নিজের বিল্ডিংয়ের মানুষকে যেন বাড়ির বাইরে যেতে না হয়, সেজন্য বেশ সোচ্চার ও সতর্ক আশরাফুল।

