দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৮ জনের। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ।
নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ২৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৮৮-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৮১ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৯৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৯ শতাংশ।
