করোনাভাইরাস দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর রেকর্ড, নতুন শনাক্ত ৩৬৮২ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৮৪৭.জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৮২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ৩১ জন চট্টগ্রামের ১২ জন এবং অন্যান্য বিভাগের ২১ জন। ৬৪ জনের মধ্যে ৫২ জন পুরুষ ও ১২ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৫১ জন এবং বাসায় ১৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১ হাজার ৮৪৭ জনের।
ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৬৬ টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১৮ হাজার ৮৬৩ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৮ হাজার ৪২৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৪০৭ টি। নমুনা পরীক্ষা থেকে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৬৮২ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৫৯ হাজার ৬২৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২৬ হাজার ৫৮৭ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৪৪ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১১ হাজার ৪৪০ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৫ হাজার ১৪৫ জন।
